প্লাষ্টিক আর এ্যালুমিয়ামের প্রভাবে হারিয়ে যেতে বসেছে মাটির তৈরী তৈজষপত্র। ফলে ভালো নেই মৃৎশিল্পের কারিগররা। জীবন-জীবিকার তাগিদে অনেকে বাপ-দাদার এ পেশা বদল করছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের তালদর্শী পালপাড়া গ্রামের ১০-১৫টি পরিবার এখনো এই শিল্পকে আঁকড়ে ধরে রেখেছে। তবে চাহিদা কমে যাওয়ায়, পর্যাপ্ত পুঁজি না থাকা এবং পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটাই বিলুপ্তির পথে এ পেশা।
উপজেলার সবচেয়ে বড় কুমারপাড়া ওই তালদর্শী গ্রামের পালপাড়ায়। বর্তমান সময়ে এ শিল্পের ভরা মৌসুম থাকলেও তেমন একটা ব্যস্ততা নেই সেই পাড়ায় ।
সরেজমিনে পালপাড়ার কয়েকটি বাড়িতে এ শিল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। যারা এখনো কেবলমাত্র এই কাজ করেই তাদের জীবিকা চালাচ্ছেন। অন্য কোনো পেশা কিংবা কাজ না জানায় এ পেশাতেই পড়ে রয়েছেন তারা।
তাদের সাথে কথা বলে জানা গেছে, এক সময় ব্যাপক জনপ্রিয় থাকলেও এখন আর তেমনটা নেই। টুকটাক চাহিদা রয়েছে। বিশেষ করে নতুন বছরে মেলা আর অষ্টমীতে কিছু চলে। এ দিয়েই কোনোরকমে চলছে তাদের সংসার। পাড়া ঘুরে কারিগরদের বিভিন্ন ধরনের মাটির তৈরি সামগ্রী বানানোর ব্যস্ততা চোখে পড়ে। কেউবা মাটি ঘুঁটছেন, কেউ সেই মাটি ছাঁচে দিয়ে তৈজসপত্র তৈরি করছেন। কেউবা খেলনা তৈরি করছেন কেউবা শুকানোর পর তৈজসপত্রে রং তুলির আঁচড় দিচ্ছেন। এভাবেই ভোরের আলো ফুটা থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে তাদের কর্মব্যস্ততা।
পাড়ার বাসিন্দাদের মতে, আগের মতো এখন মাটির জিনিসের কদর নেই। সারা বছর টানাপোড়েনের মধ্যেই চলে তাদের সংসার। তারা জানান, এক সময়ে পাড়ার প্রত্যেক ঘরে ঘরে এ শিল্পের কাজ চলতো। সবাই এ পেশা দিয়েই তাদের পরিবার-পরিজন চালাতেন। তবে সময়ের ব্যবধানে কদর কমেছে মাটির জিনিসের। পুঁজির অভাবে আর চাহিদা না থাকায় অনেকে পেশা বদল করছেন। যারা অন্য কোনো কাজ পারেন না তারাই কেবল এই কাজ করছেন।
পালপাড়ার গোপাল চন্দ্র পালের স্ত্রী কল্পনা রাণী পাল বলেন, 'আমার বয়স প্রায় ৪০ এর কাছাকাছি । বিয়ে হয়েছে প্রায় ২৫বছর আগে। বিয়ের পর থেকেই এই পেশার সঙ্গে জড়িত। আগে মাটির জিনিসের প্রচুর চাহিদা থাকলেও এখন আর তেমন নেই। এই শিল্পের সঙ্গে আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল।
তিনি জানান, হাতি, ঘোড়া, নৌকা, টিয়া, সিংহ, হাঁস, দোয়েল, কচ্ছপ, মাছ, পুতুলসহ নানা রকম ফল, ফুল ও বাহারি মাটির ব্যাংক, মগ, গ্লাস, প্লেট, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচও তৈরি করেন তারা।
বাদল পালের স্ত্রী চঞ্চলা রাণী পাল জানান, মৃৎশিল্পের জন্য প্রয়োজন পরিষ্কার এঁটেল মাটি। কিন্তু এখন সহজে মাটি পাওয়া যায়না। আগে টাকা ছাড়া মাটি পেলেও এখন গুনতে হচ্ছে বাড়তি টাকা।
এছাড়া বেড়েছে মাটি সরবরাহ ব্যয়ও। তার সঙ্গে বেড়েছে আনুষঙ্গিক ব্যয়। সেই অনুযায়ী উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। ব্যবহারিক জীবনে এখন মৃৎশিল্পের তেমন আর ভূমিকা নেই, যা আছে তাও খুবই নগণ্য। প্রযুক্তিগত উন্নয়ন সাধিত না হওয়ায় বর্তমানে এই পেশায় টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বাদল পাল বলেন, বাপ-দাদার কাছ থেকে এ কাজ শিখেছি। আর কোনো কাজ জানিনা। তাই দুর্দিন চললেও এ কাজেই পড়ে রয়েছি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেন, মৃৎশিল্পীরা বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছেন। এসব শিল্পে যারা সংশ্লিষ্ট তাদের টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































