Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৩৭ দিন পর যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল

৩৭ দিন পর যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল

 অনলাইন ডেস্ক    ২৫ আগষ্ট, ২০২৪ ১০:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে বন্ধ হওয়া মেট্রোরেল ৩৭ দিন পর আবারও যাত্রীসেবা দেয়া শুরু করেছে।

রোববার (২৫ আগস্ট) প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়; আর মতিঝিল ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, সকাল থেকে শিডিউল অনুযায়ী প্রতিটি ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) হয়েছে। এতে রোববার মেট্রোরেল চালু করা সম্ভব হবে।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। এতে ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না। কারণ, কোটা সংস্কার আন্দোলনের সময় এ দুটি স্টেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনলাইন ডেস্ক