আদালত আজ রবিবার নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।
মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকলেও আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহম্মেদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
অপরদিকে মামুনুল হকের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার মিরপুরের পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতার আইনে এই মামলাটি দায়ের করেন।
উক্ত মামলার তদন্তর কাজ সম্পন্ন হওয়ার পর ২০১৫ সালের ৩১ মার্চ এস আই মোঃ রফিকুল ইসলাম মিরপুর মডেল থানায় মাওলানা মামুনুল হক ও আরো ৬৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৭ সালে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত ।
মামলাটির সাক্ষ্যগ্রহণ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
অনলাইন ডেস্ক







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































