১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

 অনলাইন ডেস্ক    ৯ মে, ২০২৪ ১৫:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। আজ বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আলমগীর বলেন, বুধবারের (০৮ মে) প্রথম ধাপের নির্বাচনে ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ে। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ।

গতকালের নির্বাচনে সহিংসতার পরিমাণ নগন্য ছিল। ইভিএমএ ২১টি উপজেলায় ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ১১৫টি উপজেলায় ৩৭ দশমিক ২২ শতাংশ। গড় হার ৩৬ দশমিক এক শতাংশ।

আরও পড়ুন: চীনের আগে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হাছান মাহমুদ...

তিনি আরও বলেন, হাওরে বৃষ্টির কারণে ভোটের হার কম ছিল। আবার বড় একটি দল নির্বাচনে আসেনি; তাই তাদের সমর্থকরাও ভোটে অংশ নেননি। এ কারণেও ভোটের হার কম হতে পারে।

প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়। এ ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনলাইন ডেস্ক