দ্বন্দ্বের কারণে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

 অনলাইন ডেস্ক    ১৩ ডিসেম্বার, ২০২৩ ১৪:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোঃ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইসি গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহের পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলের কোনও পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে। দলটির মনোনয়ন নিয়ে ১২ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল।

আরও পড়ুন: সাতসকালে ধানমন্ডিতে বাসে আগুন...

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর নৌকা প্রতীকে ভোট করতে জোটগত নির্বাচনে প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেয় গণতন্ত্রী পার্টি।

চিঠিতে উল্লেখ করা হয়, জোটভুক্ত দলগুলো জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে কি প্রতীক ব্যবহার করবে, সে বিষয়ে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদনের কথা বলা হয়েছে। গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর- ৮ ও নির্বাচনী প্রতীক- কবুতর, নিবন্ধনের তারিখ- ০৩ নভেম্বর ২০০৮; ঠিকানা: ৭৯, কাকরাইল (মায়াকানন), ঢাকা-১০০০।

গণতন্ত্রী পার্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক।

অনলাইন ডেস্ক