Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চোখ নিয়ে জটিলতায় সাকিব

চোখ নিয়ে জটিলতায় সাকিব

 অনলাইন ডেস্ক    ২২ জানুয়ারী, ২০২৪ ১৭:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

সাকিব আল হাসানের চোখে সমস্যার বিষয়টি সবার জানা হয়ে গেছে। কিন্তু সমস্যা কতটা গুরুতর, তা জানা নেই। বিসিবির চিকিৎসক এবং সাকিব এ নিয়ে মুখ খোলেননি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাঁহাতি এ অলরাউন্ডারের চোখের সমস্যা গুরুতর। এক চোখের রেটিনায় স্পট পড়েছে। শুকিয়ে গেছে জল। এ কারণে দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে এসেছে। সমস্যা গুরুতর হওয়ায় এক দেশ থেকে অন্য দেশে ছুটতে হচ্ছে তাকে।

বিসিবি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ত্রোপচার লাগতে পারে সাকিবের চোখে। আসলে তার দুই চোখেই সমস্যা। আর ডান চোখের রেটিনার স্পট সারাতে অস্ত্রোপচার লাগতে পারে।

এই চোখের সমস্যার কারণে বিশ্বকাপে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তিনি নিজে এ কথা বলেছেন। বিশ্বকাপ চলাকালে ভারতে চোখের ডাক্তারও দেখাতে হয় তাকে। পরে যুক্তরাষ্ট্রের চক্ষু বিশেষজ্ঞকে দেখান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে মাঝে চোখের সমস্যাকে গুরুত্ব না দিলেও বিপিএলের অনুশীলনে ফেরার পর ভুগতে থাকেন সাকিব। তিনি এ নিয়ে বিসিবিতে যোগাযোগ করে লন্ডনে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেছেন।

আরও পড়ুন: মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ আটক-১...

চিকিৎসা শেষে সাকিব দ্রুত দেশে ফিরে শনিবার বিপিএলের ম্যাচ খেলেন রংপুর রাইডার্সের হয়ে। ১৬ রানে দুই উইকেট শিকার করেন। সাকিব খেললেও তার দল রংপুর প্রথম ম্যাচে হেরে গেছে বরিশালের কাছে।

যদিও খেলায় ফোকাস করার মতো মানসিক অবস্থা নেই সাকিব। গতকাল দুপুরে সিঙ্গাপুরে গেছেন চক্ষু বিশেষজ্ঞের কাছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারত, ইংল্যান্ড থেকে একটা মতামত পেয়েছি। তৃতীয় মতামতের জন্য সিঙ্গাপুরে গেছে সাকিব। ওখান থেকে ফিটব্যাক পাওয়ার পর বলতে পারব।

বিসিবির চিকিৎসক দেবাশীষ খোলাসা না করলেও সাকিবের চোখের সমস্যা যে গুরুতর, তা বোঝা গেছে এক দেশ থেকে অন্য দেশে ছোটাছুটি করায়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও শনিবার বলেছেন, সাকিবের বেশ সমস্যা আছে। তার চোখে অস্ত্রোপচার করা হলেও সমস্যা পুরোপুরি দূর হবে না। সেদিক থেকে দেখলে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার ঝুঁকির মুখে। তবে সবকিছুর উত্তর মিলবে সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞের রিপোর্ট পাওয়ার পর।

অনলাইন ডেস্ক