বিভিন্ন কারণে বিতর্কিত ও আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। খ্যাতির শিখরে ওঠেন ভারতের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে। তুমুল জনপ্রিয়তা পেলেও তিনি তা ধরে রাখতে পারেননি বেশিদিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন, অর্থ এবং তারকাখ্যাতি খুব অল্প সময়েই পেয়ে যান তিনি। তার মূল্য না বুঝে বিপথে চলে যান। তার ক্যারিয়ারও নষ্ট হয়ে যায় অল্প দিনেই।
নোবেলের ভাষায়, আমার সব অভিযোগ নিজের ওপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি। তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার।
নোবেল আরও বলেন, ‘তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইত তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না। যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি।’
আরও পড়ুন: গাংনী পৌরসভায় টিএলসিসির সভা অনুষ্ঠিত...
প্রায় চার বছর পর আবারও কাজে ফিরে নোবেল জানালেন, ‘দীর্ঘ সময় পর কাজে ফিরে প্রতিনিয়ত নিজকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছি। আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব। কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন।’
নোবেল নতুন গান ও ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা নিয়ে হাজির হবেন আবারও। পর্দায় খলনায়ক হিসেবে দেখা যাবে এই গায়ককে।
প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন নোবেল। এরপর ‘অভিনয়’, ‘তোমার মনের ভেতর’, ‘মেহেরবান’ প্রভৃতি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














