বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী বুশরা বিবি।
বুশরা বিবি শঙ্কা প্রকাশ করে বলেছেন, ইমরান খানকে জেলের ভেতরে বিষপ্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতে পারে।
এরই মধ্যে কারাগারে তার স্বামীর নিরাপত্তা বাড়ানোর জন্য ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি।
এদিকে, একই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা।
এমনকি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই আইনজীবী।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের আইন বিষয়ক মুখপাত্র নাঈম পাঞ্জুথার অভিযোগ, ইমরান খানকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তার চলাচল সীমিত করা হয়েছে।
নাঈম পাঞ্জুথার ভাষায়, “ইমরান খানকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতে পারে। তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে এবং তার চলাফেরা সীমিত করা হয়েছে।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের!...
পাঞ্জুথা বলেন, “৭০ বছর বয়সী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি নিম্ন শ্রেণির সেলে স্থানান্তরিত করা হয়েছে।”
এর আগে আদালতের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর অ্যাটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয় ইমরান খানকে।
প্রসঙ্গত, তোশাখানা মামলায় ‘দোষী সাব্যস্ত’ হওয়ার পর গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়। মূলত গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়।
গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরে কারাদাণ্ডের সেই রায় স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট।
তবে গোপন তারবার্তা ফাঁসের ‘গুরুতর অপরাধে’ এখনও ইমরানকে কারাগারে আটকে রাখা হয়েছে।
এছাড়াও খবর এনডিটিভির সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে প্রায় ১৮০টি মামলা রয়েছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























