Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে সাত সেনাসহ নিহত ৩৪

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে সাত সেনাসহ নিহত ৩৪

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৩ ২৩:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম জামফারা রাজ্যে সোমবার বিকেলে দান গুলবি জেলায় বন্দুক হামলায় সাত সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির একটি নজরদারি গোষ্ঠীর প্রধান এবং স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন।

পরে বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই হামলায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ২৭ জন নিহত হয়েছেন এবং সাতজন সামরিক কর্মীও তাদের হামলায় প্রাণ হারিয়েছেন। মূলত বন্দুকধারীদের ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলা ও প্রাণহানির ঘটনাটি নিশ্চিত করার জন্য জামফারা প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, এই অপরাধী দলটি স্থানীয়ভাবে ডাকাত হিসাবে পরিচিত। গত তিন বছর ধরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে এই অপরাধীরা। এসময় তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে এবং আরও শত শত মানুষকে হত্যা করেছে।

সাধারণত মোটরসাইকেল ও গাড়িতে করে এসব ডাকাতদল এসে হামলা চালায়। হামলা চালানোর সময় তারা এলোপাথাড়ি গুলি চালায়, লুটপাট করে এবং মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করেন।

ডাকাতদের এই রক্তক্ষয়ী হামলার কারণে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাস্তায় চলচল বা খামারে ভ্রমণ করা অনিরাপদ হয়ে উঠেছে। এই ধরণের অপরাধ বন্ধের জন্য নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস (ইসলামিক স্টেট) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অনলাইন ডেস্ক