তোশাখানা দুর্নীতি মামলায় জামিনের পর সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই মামলায় ইমরান খান ও কোরেশির মৃত্যুদণ্ডও হতে পারে।
পাকিস্তানের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে সাইফার মামলার বিচারের লক্ষ্যে একটি বিশেষ আদালত গঠিত হয়েছে বলে রোববার (১ অক্টোবর) দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
এফআইএ-এর কর্মকর্তারা এই আদালতেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করে চার্জশিট জমা দিয়েছেন। সেই চার্জশিট ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশি ছাড়াও মামলায় সাবেক মুখ্য সচিব আজম খান, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের সাবেক মহাসচিব আসাদ উমরকেও অভিযুক্ত করা হয়েছে।
চার্জশিটে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৫ ও ৯ ধারায় অভিযোগ এনেছে এফআইএ-এর কর্মকর্তারা । এই অভিযোগ প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ড কিংবা ১৪ বছরে কারাদণ্ড হতে পারে।
আরও পড়ুন: ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ...
তবে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এই চার্জশিটকে অস্বীকার করে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে।
এদিকে তদন্ত সংস্থা এই মামলায় সব মিলিয়ে ২৭ জনকে সাক্ষী করেছে। এই ২৭ জনকে আদালতে এসে সাক্ষ্য দেওয়ানো হবে। এরই মধ্যে মামলার প্রধান সাক্ষী আজম খান ইমরান খানে বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
তিনি দাবি করেছেন, ইমরান খান সে সময়ে পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব থেকে জনসাধারণের মনোযোগ সরানোর জন্য ওই গোপন নথির বিষয়টিকে সামনে এনেছিলেন।
আজম অভিযোগ করে আরো বলেছেন, ইমরান খান আমাকে বলেছিলেন যে—তিনি জনসাধারণের সামনে ওই গোপন নথিটি প্রকাশ করবেন। তিনি ইমরান খানকে সেই নথি দিয়েছিলেন এবং পরে বারবার ফেরত চাইলেও ইমরান খান সেটি ফেরত দেননি।
উল্লেখ্য, ইমরান খানকে গত মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাবের ‘কুখ্যাত’ অ্যাটক কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























