Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি আটক

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি আটক

 অনলাইন ডেস্ক    ২৩ জুন, ২০২৩ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে বৃহস্পতিবার (২২ জুন) ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃত বাংলাদেশিরা সকলেই অবৈধ অভিবাসী ছিলেন।

এসময় চার থাই নাগরিককেও আটক করেছেন দেশটির পুলিশ।

আটককৃত এসব বাংলাদেশি মালয়েশিয়া যাচ্ছিলেন। শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশের ব্যাং ক্লাম জেলায় পাঁচটি গাড়ি আটকানোর পর চার থাই নাগরিক এবং ১৯ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

ব্যাংকক পোস্ট বলেছে, থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশ থেকে সোংখলা প্রদেশ হয়ে একদল অবৈধ অভিবাসীকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন গোয়েন্দা তথ্য পায় পুলিশ। আর এই তথ্যের ভিত্তিতেই ব্যাং ক্লাম জেলায় পুলিশ পাঁচটি গাড়ি আটকায় এবং ১৯ বাংলাদেশিসহ ২৩ জনকে আটক করে।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি অভিবাসীদের পাঁচটি গাড়িকে ধাওয়া করে এবং রাত্তাফুম ও ব্যাং ক্লাম জেলার মধ্যবর্তী এশিয়ান হাইওয়ের একটি স্থানে তাদের থামাতে সক্ষম হয়। আটককৃত থাই নাগরিকদের চারজনই গাড়ি চালক। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তবে গাড়িচালক পঞ্চম ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া ওই পাঁচটি গাড়িতে বাংলাদেশ থেকে আসা ১৯ জন অভিবাসীকে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত ওই চার চালক জানিয়েছে, থাই মুদ্রায় মাথাপিছু ২৫০০ বাথে বাংলাদেশি অভিবাসীদের সামুত প্রাকান থেকে সোংখলা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সোমচাই নামক এক ব্যক্তি তাদেরকে ভাড়া করেছিল।

অন্যদিকে আটককৃত বাংলাদেশি অভিবাসীরা বলেছেন, তারা বাংলাদেশ থেকে আকাশপথে প্রথমে কম্বোডিয়ায় পৌঁছান এবং সেখান থেকে বুধবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটি দালাল চক্র ১৯ জনের কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা করে নিয়েছে বলেও জানিয়েছেন এই বাংলাদেশিরা।

অনলাইন ডেস্ক