নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যেসব মন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১১ জানুয়ারী, ২০২৪ ১২:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গতকাল শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেই ফোন অনেকেই পেয়েছেন। ৩৬ জনের সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও প্রতিমন্ত্রী ১১ জন। এই নতুন এ মন্ত্রিসভায় জায়গা হয়নি বর্তমান ১৪ মন্ত্রীর।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু...

মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বীর বাহাদুর উশৈ সিং, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।


প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিতদের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সারা দেশে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র হয়ে নির্বাচিত করে আসন পেয়েছেন ৬২টি। শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসন পেয়েছেন।

অনলাইন ডেস্ক