দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বুধবার (৫ জুন) শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টার সময় বাজেট অধিবেশন শুরু হবে।
জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
বাজেট অধিবেশন শুরুর আগে বিকেলে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকবেন।
এদিকে সংসদ সচিবালয় জানিয়েছে, ১০ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে। আগামী বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে।
আরও পড়ুন: দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়...
এটি হবে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদে ২৫তম বাজেট।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







