যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গ রাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে সোমবার (২১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত, আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ এ চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধার কাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধা সহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
এ ঘটনায় এর আগে শোক প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন।
চলতি বছেরের আগস্ট মাসের প্রথম দিকে মাউই দ্বীপে শুরু হওয়া দাবানলে শতাধিক প্রাণহানি হয়েছে বলে জানাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম গুলো।
এ ছাড়াও এ ঘটনায় ৮৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন ও আশ্রয়হীন হয়ে পড়েছেন ১১ হাজারের বেশি মানুষ। ধ্বংস হয়ে গেছে দুই হাজার ঘরবাড়ি।
এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







