দীর্ঘ ৬ বছর পর আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছেন। এই নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রধানমন্ত্রীকে বরণে নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
বাংলাদেশকে বদলে দেয়া উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে স্বচক্ষে এক নজর দেখতে অধীর অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।
ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বেলা ১১টায় মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে ট্রেনে চড়ে স্বপ্ন জয়ের পদ্মাসেতু পাড়ি দিয়ে ভাঙ্গা রেল জংশনে পৌঁছাবেন তিনি।
জনসভাস্থল ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভাঙ্গার জনসভাস্থল ও আশপাশের এলাকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী...
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাঙ্গার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এটি একটি উৎসবে পরিণত হয়েছে’।
তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর আমাদের এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হতে শুরু করেছে। তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি প্রধানমন্ত্রীর এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’
জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







