প্রায় তিন বছর ঝুলে থাকার পর এবার চূড়ান্ত হল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালা। এই বিধিমালা অধীনে ৬৫ হাজার বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হচ্ছে। এ ছাড়াও প্রাইমারির শিক্ষকেরা অধিদপ্তরের দুটি পরিচালক পদেও ধাপে ধাপে যেতে পারবেন।
মন্ত্রণালয় বলছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জারি হবে প্রজ্ঞাপন। প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সভাপতি আনিসুর রহমান জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার লাখের বেশি শিক্ষক রয়েছে। এই শিক্ষকদের বেশিরভাগের চাকরি জীবন শেষ হয় পদোন্নতি ছাড়াই। ফলে শিক্ষকরা চরম হতাশায় ভোগেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ বলেছেন,শিক্ষকদের এই অবস্থা কাটাতে মন্ত্রণালয় ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা তৈরির কাজ শুরু করে। কিন্তু তা নানা জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে বিধিমালা।
এর ফলে ৬৫ হাজার শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়ার পাশাপাশি অধিদপ্তরের পরিচালক পদেও পদোন্নতির সুযোগ পাবেন।
শিক্ষা গবেষকদের মতে, শিক্ষকদের পদোন্নতির সুযোগ তৈরি হলে মেধাবীরাও এই পেশায় আসবে এবং শিক্ষার মান আরও উন্নয়ন হবে। সেই সঙ্গে শিক্ষকদের বেতন বৈষম্যও দূর করার তাগিদ শিক্ষা গবেষকদের।
অনলাইন ডেস্ক






















































































































































































