মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১৬:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

শুধু খাবার হিসেবেই নয় বরং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে তারুণ্যের অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিন ব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এবং একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল-মাসুম।

এসময় প্রধান অতিথি ও সভাপতি জাতীয় পতাকা উত্তোজন, ফিতা কেটে এবং পাইরা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর বিভিন্ন পিঠার স্টোল ঘুরে দেখেন।

উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকেরা ২৫ টি স্টল সাজিয়ে ছিলেন শত রকমের বাহারী ও মুখরোচক পিঠা দিয়ে। ভোজন রসিকরাও এসে পিঠা খেয়ে নানা প্রশংসা করছেন। আর আয়োজকরা বলছেন প্রতি বছরই এমন আয়োজন থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠা পুলির পরিচিতির জন্য।

গাংনী সরকারি ডিগ্রি কলেজ চত্ত্বরে শুরু হওয়া এ পিঠা উৎসবে ছিল বেশ ভিন্নতা।শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী করা এসব পিঠা সাজিয়েছেন তাদের স্টলে। শোভা পাচ্ছে স্বতীন পিঠা, বেক্কল জামাই, মেয়েদের মন, জামাইয়ের প্যাচ, ভালবাসার লাল গোলাপ, পিয়াসা, পাটি সাপটা, চিতই, ভাপা, পুলি, সরু, মালাই রোল, চিটা রুটিসহ শতাধিক ধরণের পিঠা সাজানো রয়েছে ২৫ টি স্টলে।

ভোজন রসিকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন আর স্বাদ নিচ্ছেন। সেই সাথে অনেকে এসেছেন তাদের সন্তানদেরকে পিঠা পুলির স্বাদের পাশাপাশি পিঠার সাথে পরিচয় ঘটাতে।

শিক্ষার্থীরা বলেন, পিঠা উৎসব পিঠা পুলির সাথে মানুষের পরিচয় করিয়ে দেয়ার মাধ্যম। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মরা যেমন হরেক রকম পিঠার সাথে পরিচিত হতে পারছে তেমনি স্বাদ নিতেও ভুলছেন না। এমনি আয়োজন সব শিক্ষা প্রতিষ্ঠানের করা উচিৎ। পিঠা উৎসব উপভোগ করতে আসা পিঠা প্রেমিরা বলেন, বিদেশী অনেক খাবার আমাদের দেশে জায়গা করে নিয়েছে। যার ফলে মায়েদের হাতের অনেক পিঠা বিলুপ্তির দ্বারপ্রান্তে। প্রতিবছর পিঠা উসবের আয়োজন করা হলে নতুন প্রজন্ম দেশি পিঠায় পরিচিত হতে পারবে।

কলেজ শিক্ষক ও শিক্ষিকারা বলেন, গ্রামাঞ্চলে বিশেষ করে শীতকালে নানা ধরণের পিঠাপুলি তৈরী হয় প্রতিটি বাড়িতে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠা—পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। পিঠা উৎসবের আয়োজন এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। 

তরিকুল ইসলাম