সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর)। তবে পরীক্ষা স্থগিতের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন জমা দিয়ে ‘নিরাপত্তা শঙ্কা ও যাতায়াত ঝুঁকির’ কথা উল্লেখ করে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বেশ কয়েকজন প্রার্থী।
তবে পরীক্ষা ৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এতে বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ংকর মিথ্যাচার হচ্ছে: শিক্ষামন্ত্রী...
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রার্থীদের রোল নম্বর, আসনবিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দুই দফা পেছানোর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিতর জন্য ৮ ডিসেম্বর তারিখ চূড়ান্ত করা হয়েছে। প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীরা নিজ নিজ জেলায় ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার ৫৩৫টি কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করবেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী।
অনলাইন ডেস্ক






















































































































































































