এলপি গ্যাসের দাম আবারও বাড়ল

 অনলাইন ডেস্ক    ৩ মার্চ, ২০২৪ ১৬:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম আজ রবিবার (৩ মার্চ) বাড়ালেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছেন।

এ নিয়ে টানা ৮ মাস বাড়ানো হলো এলপিজির দাম। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৭৪ থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ...

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

একইসঙ্গে আজ অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৭ টাকা ৬৮ পয়সা।

অনলাইন ডেস্ক