এবারের স্মার্ট বাজেটে অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদন পর্যায়ে অতিরিক্ত মূল্য সংযোজন কর ৫ শতাংশ অব্যাহতি প্রদানের প্রস্তাব করায় কমে যাবে ইন্টারনেটের ডাটার দাম।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদানের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি।
এতে ইন্টারনেটের দাম অনেকটাই কমে যাবে।
ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সহজ করার লক্ষ্যে এ প্রস্তাব পেশ করা হয়েছে। ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এই বাজেটে আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে।
এটি আওয়ামী লীগ সরকারের ২৪তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে।
আর জুলাই মাসরে ১ তারিখ থেকেই নতুন অর্থবছর শুরু হবে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা এবং এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা ঘাটতি । আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
অনলাইন ডেস্ক





































































































































