স্বাস্থ্যসেবার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৬ এপ্রিল, ২০২৪ ১৪:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার সুফল পেতে শুরু করেছে। তবে ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে সরকারের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবার এগিয়ে আসা প্রয়োজন বলে জানান মন্ত্রী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে শনিবার (৬ এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নের ওপর। এর সুফলও ইতোমধ্যে পেতে শুরু করেছে সাধারণ মানুষ।

২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণের ব্যাপারে বৈশ্বিক অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সরকারও একাত্মতা প্রকাশ করেছে।

আরও পড়ুন: মেহেরপুরে “বুড়িপোতা তরুণ সংগঠন” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ...

দেশের জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিস্তৃত স্বাস্থ্যসেবা গ্রহণে তাদের উদ্বুদ্ধ করতে পারলেই বিশ্ব স্বাস্থ্য দিবসের আহ্বান স্বার্থক হবে যোগ করেন ডা. সামন্ত লাল সেন।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিপাদ্য তখনই স্বার্থক হবে যদি ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মীসহ হাসপাতালে দায়িত্বরত অন্যান্য সদস্যরা একসঙ্গে কাজ করেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পাল্টে দিতে সব স্তরের জনসাধারণকে স্বাস্থ্য দিবস উপলক্ষে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনলাইন ডেস্ক