দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৭ জন

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ১৯:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

বর্ষা আসার আগেই দিন দিন বেড়েই চলেছে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডেঙ্গু রোগে আক্রান্ত মোট ৬৭ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো নয় জন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ২০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৭৭১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ১৭৭ এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৯৪ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

অনলাইন ডেস্ক