অবশেষে ২৩ ধরনের হার্টের রিংয়ের দাম কমলো

 অনলাইন ডেস্ক    ৩ এপ্রিল, ২০২৪ ১২:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

দেশে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে হঠাৎ করেই বেড়ে যায় ২৩ ধরনের স্টেন্টের (রিং) দাম। অবশেষে তার দাম কমানো হয়েছে। একইসঙ্গে রোগীদের স্বার্থে হাসপাতালগুলোকে হৃদরোগীদের জন্য ঘোষিত প্যাকেজে স্টেন্টের দাম উল্লেখ করে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালকের (প্রশাসন) সই করা মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় এবং অন্যান্য দেশের হার্টের রিং (স্টেন্ট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের সঙ্গে আলোচনা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন কোম্পানির স্টেন্টের দাম কমানো হয়েছে।

সেখানে দেখা যায়, পোল্যান্ডের তৈরি অ্যালেক্স প্লাস ব্র্যান্ডের স্টেন্টের দাম ৮০ হাজার টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকা, অ্যাবারিস ব্র্যান্ডের স্টেন্টের দাম ৬১ হাজার ৯২১ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকা ও অ্যালেক্স ব্র্যান্ডের স্টেন্ট ৬২ হাজার ৯২২ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন: বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে চান পূজা চেরি!...

এছাড়া জার্মানির করোফ্ল্যাক্স আইএসএআর ব্র্যান্ডের স্টেন্টের দাম ৫৯ হাজার ১১৯ টাকা থেকে কমিয়ে ৫৩ হাজার টাকা, জিলিমাস ব্র্যান্ডের স্টেন্টের দাম ৬০ হাজার টাকা থেকে কমিয়ে ৫৮ হাজার টাকা ও করোফ্ল্যাক্স আইএসএআর নিও ব্র্যান্ডের স্টেন্টের দাম ৭৩ হাজার ১২৬ টাকা থেকে কমিয়ে ৫৫ হাজার টাকা, নির্ধারণ করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী, সুইজারল্যান্ডের ওরসিরো ব্র্যান্ডের স্টেন্ট ৭৬ হাজার টাকার বদলে ৬৩ হাজার টাকায় এবং ওরসিরো মিশনের দাম ৮১ হাজার টাকা থেকে কমিয়ে ৬৮ হাজার টাকায় বিক্রি করতে হবে।

ঔষধ প্রশাসন অধিদফতরের সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় এবং অন্যান্য দেশের হার্টের রিং (স্টেন্ট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে দাম কমানো হয়।

অনলাইন ডেস্ক