সারা দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই তথ্যে আরও জানানো হয়, রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৬ জন।
আরও পড়ুন: দেশে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ...
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোট ৮ হাজার ১৮৯ জন এবং ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৭৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালে সারা দেশে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৬ হাজার ৬৬৫ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৩৭ জন। ঢাকায় ১৮ হাজার ৭৪৪ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অনলাইন ডেস্ক






























































































