সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৬৯ জনে। তবে এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৫ জনে অপরিবর্তিত রয়েছে।
বুধবার (২৭ জুলাই) রাতে দেশের স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরিক্ষায় ৩৮ জনের দেহে করোনা শনাক্ত পাওয়া যায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন এবং এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৯৩ জন।
আরও পড়ুন: আজ সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু...
দেশের স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের মার্চ মাসের ৮ তারিখে দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন ব্যক্তির মৃত্যু হয়। সেই বছর করোনাতে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যু ২০০ জনের বেশি। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মারা গিয়েছিলো।
দেশে সর্বশেষ ডেলটার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে, যা বর্তমানেও চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক






























































































