এক বছরে বাংলাদেশে এইডস রোগে আক্রান্ত ১ হাজার ২৭৬ জন ও মৃত্যু হয়েছে ২৬৬ জনের। স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে এই তথ্য জানা যায়।
এ বছর আক্রান্তদের মধ্যে ১ হাজার ১১৮ জন বাংলাদেশি নাগরিক। বাকি ১৫৮ জন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আটকে পড়া রোহিঙ্গা।
মহাখালীতে গত বুধবার (২৭ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর...
এই বছরের প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মোঃ মাহফুজুর রহমান সরকার।
তিনি জানান, ২০২২ সালে সারা দেশে এইডস রোগী শনাক্ত হয় ৯৪৭ জন। এরমধ্যে ২৩২ জন মারা যান।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৩৪ বছরে দেশে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮৪ জন ও মারা গেছেন ২ হাজার ৮৬ জন। এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা ১৫ হাজারেরও বেশি। এইডস আক্রান্তদের মধ্যে পুরুষ যৌনকর্মীর সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডস রোগী শনাক্ত হয়।
অনলাইন ডেস্ক






























































































