“বর্তমানে বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে”:বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 অনলাইন ডেস্ক    ২২ জুলাই, ২০২৩ ১৩:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

বিশ্বের অর্ধেক মানুষ বর্তমানে মশাবাহিত ডেঙ্গু ঝুঁকিতে রয়েছেন বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অতিবর্ষণজনিত কারণে বন্যার প্রকোপের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এতে করে বিশ্বে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েই চলেছে।

তাই বিশ্বজুড়ে বিগত সকল বছরের রেকর্ড ভাঙ্গতে পারে এই রোগটি।

সংস্থাটি আরও বলছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বৃষ্টিবহুল ও উষ্ণ অঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে রোগটি। বর্তমানে ডেঙ্গুর বিস্তার রোধ করা না গেলে চলতি বছরই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হবেন।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি এখনো মহামারি পর্যায়ে যায়নি: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রীষ্মমন্ডলীয় রোগের ইউনিট প্রধান রমন ভেলাইউধন শুক্রবার (২১ জুলাই) জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে একটি সতর্কবার্তায় বলেন, বিশ্বে সামনের দিনে ডেঙ্গু মহামারির ঘোষণা আসতে পারে। বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু আনুমানিক ১২৯টি দেশকে প্রভাবিত করে। বিশ্বে প্রতিদিন প্রায় ১০০ থেকে ৪০০ আক্রান্তের খবর নথিভুক্ত করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

ডা. রমন ভেলাইউধন আরও বলেন, ঘুমানোর সময়ে মশারির ব্যবহার, বাসাবাড়ি ও অফিস আদালতে পানি জমতে না দেওয়া- এগুলো হয়তো খানিকটা সুরক্ষা দিতে পারে। কিন্তু এই রোগটি ঠেকানোর সবচেয়ে কার্যকর পন্থা হলো এডিস মশার প্রজনন ক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করা।

তাই ডব্লিউএইচওর পক্ষ থেকে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক