দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এর আগে শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিল নয় জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৩২ জন রোগী। এর আগে শুক্রবার একদিনে দুই হাজার ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গু রোগী বাড়ায় দিনে ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগছে: স্বাস্থ্যমন্ত্রী...
দেশে ২৪ ঘণ্টায় ৯৪০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৯২ জন। এই সময়ে মারা গেছেন ১৪ জন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি তিন জন ঢাকার বাইরের।
চলতি বছর মারা যাওয়া ৩৮৭ জনের মধ্যে ঢাকার ৩০০ জন এবং ঢাকার বাইরে ৮৭ জন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট নয় হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৪২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
অনলাইন ডেস্ক






























































































