জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাঈদ হক।
তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারো হাতে নাই বলেও নিশ্চিত করেন সাঈদ হক।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ইউটিউবে মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে পাওয়া যায়নি।
২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী।
আরও পড়ুন: দেশে বাঘের সংখ্যা বেড়েছে...
ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।
ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আহজারীর।
এবারই প্রথম তিনি হ্যাকিংয়ের শিকার হননি, এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছে।
অনলাইন ডেস্ক

































































































