মেহেরপুরে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

 নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল, ২০২৪ ১৩:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুর। সারাদেশের মতো এ জেলার উপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে শুধুমাত্র মানুষ ও প্রাণিকূলই প্রভাব পড়েছে ফসলের উপর।

তীব্র তাপের কারণে শুকিয়ে ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। পানির সেচ ও কীটনাশক প্রয়োগেও চাষি ও ব্যবসায়ীদের মনে আসছে না স্বস্তি। একে তো এ বছর গাছে কম আম, তার ওপর ঝরে পড়ছে। সব মিলিয়ে এক ধরনের লোকসানের আশঙ্কা মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ জেলায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আম ও লিচুর বাগান আছে। স্বাভাবিক বৃষ্টিপাত না থাকায় এসব বাগানের মাটি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাগানে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে।

চাষিরা বলেন, এ বছর আমের বাগানগুলোতে মুকুল কম এসেছিলো। বেশিরভাগ গাছে নতুন পাতার জন্ম হয়েছে। যদিও সেই গাছগুলোতে গেল বছর আম এসেছিল।

আরও পড়ুন: বাঁশের ফুল থেকে চাল!...

গাছগুলোতে আমের গুটি ঝরে যাচ্ছে। গুটি ঝরা ঠেকাতে সেচ দিচ্ছেন অনেকেই। সবমিলিয়ে এ বছর আমের উৎপাদন কম হবে। আমের জন্য এ সময় বৃষ্টি খুব প্রয়োজন। বৃষ্টি হলে আশা করা যায় আমের গুটি ঝরা বন্ধ হয়ে যাবে। এবার আমের ফলন কম হবে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সামসুল আলম বলেন, তীব্র তাপের কারণেই আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক