৪০ শতক জমিতে আড়াই মাসে আয় তিন লাখ টাকা

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৩ ১৩:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর গোবরা গ্রামের মোঃ আইয়ুব আলী শেখ স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চমূল্যের সাম্মাম চাষ করে বাজিমাত করেছেন।

সাম্মামের বাণিজ্যিক চাষের সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা করেছেন আইয়ুব আলী। তার দেখা দেখি অনেকেই সাম্মাম চাষের আগ্রহ প্রকাশ করেছেন।

কৃষি বিভাগ বলেছে, সাম্মাম বিদেশি ফল, খেতে সুস্বাদু। সব বয়সি মানুষের জন্য সাম্মাম উপযোগী। তাই বিশ্বের সর্বত্র এ ফলের কদর রয়েছে।

কৃষক মোঃ আইয়ুব আলী শেখ বলেন, আমি সিঙ্গপুরে চাকরি করতাম। চাকরি ভালো লাগত না। পরে দেশে ফিরে এসে ইউটিউবে সাম্মাম চাষ দেখে আমি অনুপ্রাণিত হই। তারপর গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাম্মাম চাষ করি।

আরও পড়ুন: মেহেরপুরে কচুর লতি চাষে চাষিদের ভাগ্য বদল...

এছাড়াও গত জুনে মাত্র ৪০ শতাংশ জমিতে সাম্মাম চাষাবাদ করি। ৬০ দিনের মাথায় সাম্মাম সংগ্রহ করে বাজারজাত শুরু করেছি। প্রতিটি সাম্মামের ওজন হয়েছে দুই থেকে চার কেজি পর্যন্ত। সাম্মাম চাষে আমার ব্যয় হয়েছে ৫৫ হাজার টাকা। প্রতি কেজি সাম্মাম বিক্রি করেছি ১০০ টাকা থেকে ১২০ টাকায়। চলতি মাসের মধ্যেই আমি তিন লাখ টাকার সাম্মাম বিক্রি করতে পারব। প্রতিদিন সাম্মাম চাষে আগ্রহীরা আমার বাগান পরিদর্শনে আসছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, আমরা আইয়ুব আলীকে সব ধরনের সহযোগিতা করেছি। তিনি মাত্র ৪০ শতাংশ জমিতে সাম্মাম চাষ করে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছেন। তার সাম্মাম চাষ দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।

অনলাইন ডেস্ক