কৃষিতে নতুন সম্ভাবনার ফসল কাজুবাদাম। বাংলাদেশে কাজুবাদাম পাহাড়ি ফল হিসেবেই পরিচিত। এই গাছ খুব দ্রুত বাড়ে, সীমিত সময়ে ফল দেয়, পরিবেশবান্ধব ও লাভজনক।
কাজুবাদাম পাহাড়ি অঞ্চলে বেশি চাষ হলেও এবারে সমতল ভূমিতে এফসলের চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।কাজুবাদামের পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে যশোরের চৌগাছায়।
এ চাষ ইতোমধ্যে সফলও হয়েছে। সমতল ভূমিতে কাজুবাদামের পরীক্ষামূলক চাষ সফল হওয়ায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কাজুবাদামের ২টি অংশ খাওয়ার উপযোগী। কাজু আপেল রসালো এবং বাদাম পুষ্টিকর খাবার। পাকা কাজু আপেল সাধারণ আপেলের মতো খাওয়া যায়। কিন্তু বাদাম কাঁচা অবস্থায় খাওয়ার উপযোগী নয়। প্রক্রিয়াজাত করার পর বাদাম খাওয়া হয়। বীজ থেকে পাওয়া বাদাম সুস্বাদু, মুখরোচক ও পুষ্টিকর এবং বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক।
যশোর কৃষি বিভাগ জানিয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজুবাদাম ও কফি উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের চাষি মাহাবুবুর রহমান লিটন দুই জমির পেয়ারা ক্ষেতে সাথী সফল হিসেবে কাজুবাদাম চাষ করেছেন। দুই বছর আগে কৃষি বিভাগের সরবরাহ করা ৩০টির বেশি কাজুবাদাম গাছের চারা রোপনের পর এবছর গাছে ফল এসেছে। পরীক্ষামূলক চাষে আশানুরূপ ফল পাওয়ায় খুশি চাষি এবং কৃষি কর্মকর্তারা।
কৃষক বলেন, দুই বছর আগে কৃষি অফিস আমাকে কাজুবাদাম চাষের প্রশিক্ষণ দেয়। এরপর ৩০টির বেশি কাজুবাদামের চারা প্রদান করে। সেই চারা দুই বিঘার পেয়ারা ক্ষেতের আইল দিয়ে রোপণ করি। গাছগুলো দ্রুত বাড়ছে। এ বছর গাছে কাজুবাদাম ফল এসেছে। গাছ যত বড় হবে, ফলন তত বাড়বে।
এ বিষয়ে চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজুবাদাম ও কফি উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সমতলে কাজুবাদাম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় পরীক্ষামূলকভাবে কাজুবাদাম চাষ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে ও বিদেশে কাজুবাদামের ব্যাপক চাহিদা রয়েছে। এটি উচ্চমূল্যের ফসল। কাজুবাদাম চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।
কাজুবাদাম চাষ সম্প্রসারণ করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও রপ্তানি করে বৈদেশিক মূদ্রা অর্জনের সম্ভাবনা আছে।


















































































