মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে তসরুপাত করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কোন এক সময় শাজাহান আলীর এক বিঘা ও রহিদুল ইসলামের ৫ বিঘা জমির কলা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
এতে কৃষকের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে শাহজাহান আলী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের রহিদুল ইসলাম লিজ নিয়ে ৬ বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। প্রতিটি গাছের কলা বেশ পুষ্ট হয়ে উঠেছে।

আজ রোববার সকালে মাঠের অন্যান্য কৃষকরা কলাগাছ তছরুপের ঘটনা দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়। এতে অন্ততঃ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ওই দুই কৃষক। ফসল মাঠেই থাকে। ফসলের সাথে শত্রুতা মানুষ হত্যার চেয়েও বড় ক্ষতিকর এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতার জন্য ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন বামন্দী কৃষি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে ব্যবস্থায় নেওয়ার আশ্বাস দিয়েছেন গাংনী থানার ডিউটি অফিসার এসআই মোঃ তৌহিদ।
তরিকুল ইসলাম


















































































