আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিন ছুটি দিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৬ দিন না হলেও, অন্তত ৫ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে ১২ মার্চ মঙ্গলবার। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার রোজা ৩০টি হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। এই তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে হিসেবে ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি।
আরও পড়ুন: রোজা উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ...
এরপরের দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
তবে, ২৯টি রোজা হলে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে সরকারি ছুটি ঘোষণা হবে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন।
গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।
অনলাইন ডেস্ক






































































































































































